
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশু নায়লা এখন মায়ের কোলে। দীর্ঘ ৮১ দিন বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটিকে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে চিকিৎসা ও সেবার পর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়।
গতকাল সোমবার সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, গত রোববার বাংলাদেশ নবজাতক হাসপাতালে সোনারগাঁ পৌর এলাকার দত্তক নিঃসন্তান ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চুর দম্পতির কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব, নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা।
ডা. মজিবুর রহমান মুজিব জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ার হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবদায়নে সার্বিক সেবা-সুস্থতায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে।
তিনি বলেন, নবজাতকরা নিষ্পাপ। এভাবে তাদের পরিত্যাগ করা অত্যন্ত দুঃখজনক। যদি কোনো মা সন্তানের দেখভালে অক্ষম হন, তবে তিনি চাইলে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিচয় গোপন রেখে আমরা শিশুটিকে গ্রহণ করব।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত