হোম » সারাদেশ » সন্ত্রাসী কর্মকান্ড ও মামলাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে শোকজ, আরেক নেতার পদ স্থগিত

সন্ত্রাসী কর্মকান্ড ও মামলাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে শোকজ, আরেক নেতার পদ স্থগিত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত ও আরেক নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। শনিবার রাত ৯টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়।
এদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত এবং জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে।  মিজানুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো।
অ্যাডভোকেট নাজমুল ইসলামকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মত অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এর লিখিত জবাব জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দেখেছেন জানিয়ে মিজানুর রহমান বাবলু বলেন, এটা আমার প্রতি অন্যায করা হয়েছে। তবুও মেনে নিয়েছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!