হোম » সারাদেশ » ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে

ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জের নিঝুড়ী এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাতনামা মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া নিহত কামাল হোসেন চঞ্চল (৩০) বরিশালের গোরনদী উপজেলার নলছিরা ইউনিয়নের পিঙ্গলাকাঠ গ্রামের বেপারী বাড়ির শাহজাহান বেপারীর ছেলে। তিনি ঢাকার ধানমণ্ডি ৭ নম্বর রোডের কেএফসির সামনে রিজিয়া বেগম নামক নিজ বাসায় থাকতেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গত (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নিঝুড়ী এলাকার তালতলা ব্রিজের নিচে ধানক্ষেতের ভিতর থেকে ওই যুবকের মরদেহ পড়েছিলো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাৎক্ষনিক নাম পরিচয় না পাওয়ায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়।

এরআগে, গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন। (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রবিবার রাত সোয়া ১০টার দিকে কামাল হোসেন চঞ্চল ঢাকার নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে তার স্ত্রী কামরুন্নাহার সূচনা ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক ধারনা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে কামাল হোসেন চঞ্চলকে হত্যার পর ওই ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছিল।

নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম বলেন, ‘কামাল হোসেন চঞ্চল ঢাকার বাসার সামনে মোবাইল সরঞ্জামের ব্যবসার পাশাপাশি একটি সমবায় সমিতি পরিচালনা করত। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কেন সিরাজগঞ্জের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ নিহতের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছে। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তÍান্তর করা হবে। এ ঘটনায় স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!