
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বছর জুড়ে কর্মের পেছনে চারিদিকে দৌঁড়াতে দৌঁড়াতে ক্লান্ত মনকে একটু প্রশান্তি দিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের উপজেলা শাখার আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
‘ব্যস্ততা তো প্রতিদিন, আনন্দে হারাই চলো একদিন’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় আলফাডাঙ্গা লোকাল বাসস্ট্যান্ড থেকে একটি চেয়ারকোচ বাস যোগে ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা হন ফেডারেশনের সদস্যবৃন্দ। পরে সকাল ১১ টায় গন্তব্যে পৌঁছান তারা। এরপর পার্কের মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করতে ফটোসেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। কেউ সেলফি, কেউবা বিভিন্ন স্টাইলে ছবি তুলতে ব্যস্ত। এরইমধ্যে মসজিদে ধ্বনিত হয় পবিত্র জুম্মার নামাজের আজান। নামাজ শেষে পার্কের একটি সুনির্দিষ্ট পিকনিক স্পটে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এরপর সকলে ভ্রমণের আনন্দ অনুভূতি প্রকাশ করার জন্য এক সভায় মিলিত হয়।
সভায় বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক রামিম হাসানের পরিচালনায় উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ্, ক্রিয়া সম্পাদক শাহীন মোল্যাসহ সংগঠনটির প্রত্যেক সদস্য আনন্দ অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। আলোচনা শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে সুবিশাল পার্কের বিভিন্ন মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। তাই সন্ধ্যা সাড়ে ৫ টায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তারা। রাত ৮ টায় নিরাপদে আলফাডাঙ্গা ফিরে আসার মধ্য দিয়ে শেষ হয় আলফাডাঙ্গা ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের এ সফল আনন্দ ভ্রমণ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক