
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় শহরের থানার মোড় হতে ওই কফিন মিছিল বের করেন শিক্ষার্থীরা।
পরে মিছিলটি নিউমার্কেট হয়ে শহীদ মাহবুব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে শহীদ মাহবুব চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনসহ অন্যান্যরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, হাসিনা জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর ভিন্নমতের মানুষদের আয়নাঘরের মতো জায়গায় নিয়ে শাস্তি দিয়েছে। দুই হাজার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে। তবে আজ স্বাধীনতার ৬ মাস পরেও বিপ্লবীদের শহিদ হতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক