
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির।
মঙ্গলবার দিনব্যাপী পৌর এলাকার ইছাপাশা, গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার, টগরবন্দ ইউনিয়নের পানাইল ও চরডাঙ্গা বাজারে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এরপর সন্ধ্যায় আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় অবস্থিত মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির।
এসময় তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়দেব রায়, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উদ্দৌলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম রানা, জিসাসের জেলা শাখার ১নং সদস্য মো. মেহেদী হাসান অভিসহ ফরিদপুর-১ আসনের তিন উপজেলার বিভিন্ন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা উত্থাপন করেছেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক