
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। ঘটনায় আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস পরিবহনের গাড়িটি বিপরীতমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন। মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টার দিকে নিহতদের লাশ হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ