
মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় খোকন খান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া মমো’র গেট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত খোকন খান গোপালপুর মধ্যপাড়া এলাকার মৃত. তবিবুর খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন খান তার জামাই সুমন শেখের (২৭) মোটরসাইকেলে আলফাডাঙ্গা বাজার থেকে নিজ বাড়ি গোপালপুর ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছভর্তি একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী খোকন খান ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেল চালক সুমন শেখ রাস্তার পাশে ছিটকে গিয়ে আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকসহ চালক ইমরান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের দাবি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২