হোম » সারাদেশ » দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন।

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন।

শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মো. আলম মিয়া (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া জাঙ্গালীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পিতার নাম নাজিম উদ্দীন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরটেকী গ্রামের মৃত গোলাম হোসেনের দুই ছেলে নিজাম উদ্দীন ও সোহরাব উদ্দীন এর মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজাম উদ্দীন তাদের বাড়ির একটি কাঁঠালগাছ বেপারীর কাছে বিক্রি করেন। এ নিয়ে নিজাম উদ্দীনের সঙ্গে সোহরাব উদ্দীনের ঝগড়া হয়।
বয়সে নিজাম উদ্দীন বড়। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। তখন তাদের ডাক-চিৎকার শুনে পাশের বাড়ির আলম মিয়া ঘর থেকে বের হয়ে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। ঝগড়ার এক পর্যায়ে ছোটভাই সোহরাব উদ্দীন ছুরি দিয়ে আলম মিয়ার পেটে আঘাত করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের পর বুধবার (২৩ জানুয়ারি) লাশ দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর মামলা রুজু করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!