
মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় তারুণ্যের উচ্ছ্বাসে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় আলফাডাঙ্গা আদর্শ কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মোনায়েম খান, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ ও হায়দার আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর তারা মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় ছয়টি স্টল অংশ নেন। এরমধ্যে রয়েছে পিঠা ঘর, বই ঘর, সবজি ঘর, কৃষি উপকরণ সেবা, চিকিৎসা সেবা কেন্দ্র ও স্মার্ট ঝাল-মুড়ি।
এদিকে এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশেষকরে পিঠা ঘরে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। পিঠা ঘরে স্থান পেয়েছে কমপক্ষে অর্ধশত হরেকরকমের পিঠা। কেউ কিনছেন, কেউ খাচ্ছেন। আবার কেউবা নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য। পিঠা পুলির এ আয়োজনটি শিক্ষার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে স্টলে বিক্রি করার মাঝেই আনন্দ তাদের। এতে শিক্ষার্থীরা বিভিন্ন পিঠার সঙ্গেও পরিচিত হতে পেরেছে।
আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের উৎসব উপলক্ষে এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। এখান থেকেই তারা একেকজন উদ্যোক্তা হতে শিখছে। যা তাদেরকে লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না দৌঁড়ে নিজেই কিছু একটা করে স্বাবলম্বী হতে পারবে। শিক্ষার্থীদের এই মনোভাব অটুট থাকুক এমনটাই প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক