হোম » সারাদেশ » কক্সবাজারে সাবেক মন্ত্রীপরিষদ সচিবের ভাইয়ের নামে প্রতিষ্ঠিত কলেজের ১৫৬ একর  সরকারি বনভূমির বন্দোবস্ত বাতিল 

কক্সবাজারে সাবেক মন্ত্রীপরিষদ সচিবের ভাইয়ের নামে প্রতিষ্ঠিত কলেজের ১৫৬ একর  সরকারি বনভূমির বন্দোবস্ত বাতিল 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের রামুতে  সাবেক মন্ত্রী পরিষদ সচিবের ভাইয়ের নামে প্রতিষ্ঠিত  কলেজের নামে বনবিভাগের প্রায় ১৫৬ একর জমির  দীর্ঘমেয়াদী বন্দোবস্ত  বাতিল  করেছে ভূমি মন্ত্রণালয়। গত ১০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মাসুদ কামালের সই করা চিঠিতে বন্দোবস্ত বাতিলের বিষয়টি জানানো হয়।
সোমবার (৬ জানুয়ারি)  রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল আদেশের কপি হাতে পাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
যে কলেজটির নামে বরাদ্দ জমি বাতিল করা হয়েছে তার নাম শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজ। এটিএম জাফর আলমের জন্ম কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো অপারেশন সার্চলাইটে ইকবাল হলে শহীদ হন তিনি। তার ভাই মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলম। ২০১৬ সালে তিনি দায়িত্বে থাকার সময় প্রয়াত ভাইয়ের নামে নিজ এলাকায় কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭০ একর জমি শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়। এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়। পরে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়। ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্রে দেশের অন্যতম জীববৈচিত্রসমৃদ্ধ বনভূমিকে অকৃষি খাসজমি হিসেবে দেখানো হয়েছিল।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা যায় , শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি নিয়মবহির্ভূতভাবে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ২১ আগস্ট অন্তর্বর্তী সরকার দ্বায়িত্ব নেওয়ার পর এ বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, বনভূমি রক্ষার মাধ্যমে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে এ বন্দোবস্ত বাতিল করা প্রয়োজন।
এর পরিপ্রেক্ষিতেই গত ১০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের অনুকূলে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর ভূমির বন্দোবস্ত বাতিল করে।
রামুর সহকারি ভূমি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল জানিয়েছেন, মন্ত্রণালয়ের আদেশের পর ভূমি অফিস যথাযথ ব্যবস্থা নিয়েছে।উল্লেখ্য যে গতমাসে প্রশাসন ক্যাডারের নামে বরাদ্দ পাওয়া ১৭০ একর বনের জমিরও বন্দোবস্ত বাতিল করছে সরকার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!