
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন হলে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের হাসপাতাল মোড়ে বিজয় দিবসের আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারত ও শেখ হাসিনা প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, নরেন্দ্র মোদী খুব রাগ করেছেন হাসিনাকে কেন খেদাইলাম। হাসিনা থাকতে তো বাজার ভারতের নিয়ন্ত্রণে ছিল।
ভারতের মতো একটা বিশাল দেশ তাদের দ্বিতীয় রেমিট্যান্স যেতে বাংলাদেশ থেকে। বোঝেন ভারত কত টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেতো। আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না, ভারতের লোকজন এসে এখানে চাকরি করে। কীভাবে চাকরি হলো? চাকরি করারও তো কিছু নিয়ম রয়েছে। ট্যাক্স দিতে হবে সেটাও দেয়নি। আমার রাস্তা দিয়ে ভারতের গাড়ি চলবে, সেটারও ট্যাক্স দেয়নি।
প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে তিনি আরও বলেন, বন্যার সময় আমাদের ভাসিয়ে দেবে, শুকনোর সময় পানি না দিয়ে মরুভূমি করবে। এগুলো বলা যাবে না, এগুলো বললেই আমরা ভারতবিরোধী। আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা নিজেদের পক্ষে। আজ স্বাধীনতার এত বছর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী কীভাবে (বলার) সাহস পান যে, ১৬ ডিসেম্বর তাদের বিজয় দিবস। আমরা ধিক্কার জানাই।
আব্দুস সালাম বলেন, আমরা আমাদের দেশ স্বাধীন করেছি কারও দয়ায় না। ভারত আমাদের সহযোগিতা করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তার মানে এই না আমার দেশটা বেইচা দিছি। এই দেশ সিকিম না ভুটানও না, এটা বাংলাদেশ। কাজেই কেউ ইচ্ছা করলেই এই দেশ দখল করতে পারবে না। আলোচনা সভা শেষে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন সকল শ্রেণীর দর্শকরা।
ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ,জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার