
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) সাপ্তাহিক ও বাৎসরিক ওরশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসীসহ স্থানীয় উলামাগণ। এমন সিদ্ধান্তে ঐক্যমত হয়েছেন ডক সাহেবের পরিবারবর্গ। বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদের নিকট দেওয়া গণস্বাক্ষরসহ এক লিখিত পত্রে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
এসময় লিখিত পত্রে ডক সাহেবের দুই পুত্র ওবায়দুর মুন্সি, সিরাজ মুন্সি, পুত্রবধূ সাবিনা ইয়াসমিন, আলফাডাঙ্গা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আমিনুল্লাহ্, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, স্থানীয় সাবেক কাউন্সিলর নবাব আলী, রবিউল ইসলাম সহ শতাধিক মানুষ গণস্বাক্ষর করেন।
লিখিত পত্রে উল্লেখ করা হয়, আলফাডাঙ্গা পৌর এলাকার ইছাপাশা গ্রামে মরহুম আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) বাড়িতে নিয়মিত ভাবে প্রতি সপ্তাহের বুধবার রাতে নাচ, গানের মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতিবছর পাঁচদিন ব্যাপি বাৎসরিক ওরশের নামে মেলা হয়। মেলায় বিভিন্ন স্থান থেকে যুবতী মেয়েরা এসে বিভিন্ন ধরণের অসামাজিক কাজে লিপ্ত হয়। তাছাড়া ডক সাহেবের কবরে মাজার পূজা ও সিজদা করে। এরআগে বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার প্রশাসনের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বর্তমান এলাকাবাসী ও ডক সাহেবের পরিবারবর্গ ঐক্যমত হয়ে কোন প্রকার নাচ, গান ও ধর্মবিরোধী অসামাজিক কার্যকলাপ না হয় এমন স্থায়ী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আলফাডাঙ্গা থানা পুলিশকে অনুরোধ জানান।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান, এলাকাবাসী ও ডক সাহেবের পরিবারবর্গ ঐক্যমত হয়ে সাপ্তাহিক ও বাৎসরিক ওরশ বন্ধের দাবী জানিয়েছেন। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক