হোম » সারাদেশ » এটা আমার স্বাধীন বাংলাদেশের উপর আঘাত- ব্যারিস্টার খোকন

এটা আমার স্বাধীন বাংলাদেশের উপর আঘাত- ব্যারিস্টার খোকন

মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি: ‘ভারতের প্রধানমন্ত্রী  মন্তব্য করেছেন ১৬ ডিসেম্বর ভারতের বিজয় হয়েছে! এটা আমার স্বাধীন বাংলাদেশের উপর আঘাত, আমার মানচিত্রের উপর আঘাত, আমার ভূখন্ডের উপর আঘাত, আমার স্বাধীনতার উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (২০ ডিসেম্বর) নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, আপনি (মোদী) বলতে পারতেন সহায্যকারী ছিলেন। নয় মাস যুদ্ধ করেছি আমরা, লাখ লাখ মানুষ মারা গেলো আমাদের, আর তারা দাবী করে বিজয় তাদের। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। আওয়ামীলীগও ভোট দিতে পারে নাই। পুলিশ, সরকারি কর্মচারীরা এবং দুই চারজন পান্ডা ভোট নিয়ে গেছে।

প্রিজাইডিং অফিসারকে বাধ্য করছে, পুলিশ অফিসারদেরকে বাধ্য করেছে, তারপর শিক্ষকদেরকে বাধ্য করছে ভোট জালিয়াতি করার জন্য। এসব কারণে আওয়ামীলীগ গ্রামে গ্রামে সন্ত্রাস সৃষ্টি করছে। এই সন্ত্রাসী বাহিনী সোনাইমুড়ী ও চাটখিলে ২২ জনকে হত্যা করেছে। খিলপাড়ার চার জন গুম হয়েছে, তাদেরকে এখনো পাওয়া যায়নি। সে মৃত্যু আপনারও হতে পারতো, আমারও হতে পারতো! এই এলাকার আওয়ামীলীগের নেতাদের ইন্ধনেই আমার ভাইদের হত্যা করছে, আমার ভাইদের গুলি করছে; এগুলোর বিচার এখনো হয় নাই।”

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা প্রতিবাদ করবেন কী! দলীয় একটা প্রোগ্রামও করতে পারেন নাই। ২০জন এক জায়গায় বসার অবস্থা ছিলো না। সঙ্গে সঙ্গে মোটর সাইকেল চলে আসতো, হেলমেট বাহিনী চলে আসতো। সারাদেশে যারা যুদ্ধে ছিল, সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল; তাদেরকে সম্মান করা উচিত। যুদ্ধে ছাত্র জনতার কাছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। যুদ্ধে পরাজিত হলে কেউ আত্মহত্যা করে নয় পালিয়ে যায়। যারা ভিতু তারাই পালিয়ে যায়।

বিএনপির সিনিয়র নেতা ও চাটখিল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল। পৌর বিএনপি আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, যুগ্ন আহবায়ক শাহজাহান খান সাজু, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, মিজানুর রহমান, লিয়াকত আলী ভুট্টো, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ন আহবায়ক সুলতান বাবর, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক মোজাম্মেল হক লল্টু, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ওমর ফারুক ও রিয়াজ খন্দকার প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!