
গোলজার হানিফ সোনাইমুড়ী(নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য। হাসপাতালে রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির সংখ্যাই যের বেশি। ডাক্তারদের কাছে রোগীর চেয়ে তাদের অগ্রাধিকার। প্রতিনিধিদের আধিক্যের কারনে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা। আর প্রেসক্রিপশনের ছবি তোলার প্রতিযোগিতায় বিপাকে পড়ছেন অসুস্থ রোগীরা।
সরেজমিনে দেখা যায়, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টার আগেই একে একে মোটরসাইকেল নিয়ে হাজির হতে থাকেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সকালে চিকিৎসক আসার সাথে সাথে সিরিয়াল দিয়ে প্রবেশ করতে থাকেন রুমের ভেতর। কারো হাতে প্যাড-কলম, কারো হাতে মেডিসিন স্যাম্পল। ভেতরে ঢুকে নিজেদের প্রতিষ্ঠানের ওষুধ সম্পর্কে ডাক্তারকে অবগত করতে থাকেন তারা। এভাবেই চলতে থাকে একের পর এক ডাক্তার ভিজিট। এরমধ্যে রোগীরা দাড়িয়ে থাকেন সিরিয়াল দিয়ে। কখনো কখনো ডাক্তারেরা একজন রোগীর বিপরীতে দুই জন রিপ্রেজেন্টেটিভের সাথে সাক্ষাৎ করেন।
সূত্র বলছে, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে রোগীদের প্রেসক্রিপশনে ওষুধ লেখেন ডাক্তারেরা। নিজেদের চুক্তি রক্ষায় কোম্পানির টার্গেট পুরোনে নামি-বেনামি কোম্পানির অপ্রয়োজনীয় ওষুধও লেখেন তারা। কখনো নগদ টাকা ও কখনো বিভিন্ন লোভনীয় অফারের কাছে বিক্রি হয়ে ওষুধ লেখছেন চিকিৎসকেরা। আর এভাবে ওষুধের নামে রোগীদের পকেট কাটে ওষুধ কোম্পানি গুলো। অন্যদিকে রোগীরা ডাক্তারদের চেম্বার থেকে বের হতেই শুরু হয় প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য হুড়োহুড়ি।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন সময় অভিযোগ তোলা হয় আইনশৃঙ্খলা সভায়। তবে এগুলো নিয়ে কখনো কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোগীরা জানান, সকালে ডাক্তারদের সাথে সাক্ষাৎ করতে বিভিন্ন ওষুধ কোম্পানির লোকেরা ভিড় করেন। ডাক্তারেরা রোগীদের চেয়ে তাদেরই গুরুত্ব দেন বেশি। অনেক সময় সেবা নিতে আসা রোগীদের চেয়ারে বসে থাকেন কোম্পানির লোকেরা। তারা একের পর এক ডাক্তারদের রুমে ঢুকতে থাকেন। অনেকে অভিযোগ করেন, রোগীদের সমস্যা না শুনে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে ব্যস্ত থাকেন চিকিৎসকেরা।
সেবা নিতে আসা আরেক মহিলা রোগী অভিযোগ করেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশন নিয়ে কাড়াকাড়ি করেন। একজনের হাত থেকে আরেকজন নিয়ে ছবি তুলতে থাকেন। তাদেরকে ছবি তুলতে নিষেধ করলেও শোনেনা।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিয়াজ উদ্দিন জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কোন ভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। সপ্তাহে রবি ও বুধবার সাড়ে বারোটা থেকে ডাক্তার ভিজিটের জন্য সময় নিদ্রিষ্ট করে দেওয়া হয়েছে। হাসপাতালের প্রবেশ মুখে এই বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। এর পরেও অনেকে নিয়ম মানছেনা বলে স্বীকার করেন তিনি। সেই সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল