
জাহিদ হাসান: কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে ও আটক সাজেদুল লস্কর মৃত রেজওয়ান লস্করের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে দাঁড়িয়ে থাকা সাজেদুল মোটা একটি লাঠি দিয়ে আপেলের মাথায় বাড়ি দিলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে সাজদুলকে আটক এবং লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির বলেন, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ওসি আরও জানান, আপেল লস্কর মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতে যাওয়ায় সঙ্গে টাকা ছিল তাঁর। সাজেদুল মাদকাসক্ত হওয়ায় নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২