
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে মাদক পাচার হবে। সোমবার সকাল সাড়ে ৯টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনের বিসিজি আউটপোস্ট শাহপরীর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা দুজন মাদককারবারি সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য