
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকায় জয় বাংলা স্লোগান দিয়ে মারপিটের শিকার হয়েছে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান। আব্দুর রহমানকে মারপিটের ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়। সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসব ভিডিও ফেসবুকে পোস্ট করে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সোমবার (১১ নভেম্বর) সকালে আব্দুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সিরাজগঞ্জ কোর্টে ছিলাম। রবিবার দুপুরের দিকে শুনি তিনি (আব্দুর রহমান) ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে ব্যাপক মারপিট করা হয়েছে।
এরআগে রবিবার (১০ নভেম্বর) দুপুরের দিকে রাজধানী ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, অ্যাডভোকেট আব্দুর রহমান বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা চলে আসবেন। বলেই জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক মারপিট করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার