
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো মো. আব্দুর রাজ্জাক রাজুকে নতুন একটি অটোভ্যান উপহার দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা পরিষদ। রোববার (১০ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাজুর হাতে নতুন অটোভ্যান ও চাবি হস্তান্তর করা হয়। রাজু পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মো. তামিম আহমেদ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, আলফাডাঙ্গা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সংগঠনটির সহ-সভাপতি মাওলানা আমিনুল্লাহ্ প্রমুখ।
জানা যায়, গত ২০ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে রাজুর ভ্যানটি চুরি হয়ে যায়। পরিবারের আয়ের একমাত্র উৎস ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাকে নতুন একটি অটোভ্যান উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা পরিষদ। পরে সকলের সম্মিলিত সহযোগিতায় রাজুর জন্য নতুন একটি অটোভ্যান ক্রয় করা হয়।
এদিকে অটোভ্যান পেয়ে বেজায় খুশি আব্দুর রাজ্জাক রাজু। তিনি বলেন, আমার উপার্জনের একমাত্র সম্বল অটোভ্যানটি চুরি হওয়ার পর পরিবার নিয়ে অনেক কষ্টে ছিলাম। পরে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা পরিষদ আমার পাশে এসে দাঁড়ালো৷ আমাকে নতুন আরেকটি অটোভ্যানের ব্যবস্থা করে দিয়েছে। অটোভ্যানটি পেয়ে আমি অনেক খুশি।
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম জানান, কিছু দিন আগে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে যান ভ্যানচালক রাজু। নামাজ শেষ করে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়েন ভ্যানচালক রাজু। এ বিষয়টি জানতে পেরে আলফাডাঙ্গা ক্বওমী উলামা পরিষদের উদ্যোগে তার জন্য নতুন একটি অটোভ্যানের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ