হোম » সারাদেশ » কমলগঞ্জে সিএনজি দুর্ঘটনায় দুই পরিক্ষার্থী নিহত, শিশুসহ আহত ৩

কমলগঞ্জে সিএনজি দুর্ঘটনায় দুই পরিক্ষার্থী নিহত, শিশুসহ আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা দুর্ঘটনার শিকার হয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দুই পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ঘটিকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা চারজন শিক্ষার্থী একটি সিএনজি চালিত অটোরিক্সা করে আসছিলেন। বটতলা বাজারে পৌঁছালে একটি শিশু হঠাৎ সড়কে চলে এলে চালক সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী, আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও অমিত সূত্রধর (১৮) নিহত হন।

এ সময় আহত হন শাহীন মিয়া (১৮), সৈকত দেব (১৮) ও শিশুটি জান্নাতুল (১১)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত পরিক্ষার্থী অমিত ও শিশু জান্নাতুলকে মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে অমিত মারা যান।

নিহত শিক্ষার্থীরা কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা এ মর্মান্তিক ঘটনায় শোকাহত। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এম এ কাদির চৌধুরী ফারহান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!