
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনার সময় জেলেদের হামলায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এবং ৩ পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছেন ৷
রবিবার (২৮ অক্টোবর) বিকালে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। এসময় দুটি নৌকা জব্দ ও শাকিল নামক জেলেকে আটক করেছে পুলিশ।
জানাযায়, হামলাকারীরা উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীর মাথা মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকার জেলে।
বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিগনকে ইলিশ ধরতে দেখা যায়। এদেরকে ধরতে সঙ্গীয় ৩ পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় আমাদের উপর আক্রমণ করে। এতে পুলিশ সদস্য সহ আমরা ৫ জন আহত হই ৷
আক্রমণে এএসআই হেলাল বৈঠার আঘাতে আহত হন ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়। তাদেরকে তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছেন এবং শাকিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
-বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক