হোম » সারাদেশ » কক্সবাজারে আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার 

কক্সবাজারে আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার 

কক্সবাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার রাতে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে পৌর মৎসজীবী লীগের নেতা এম শাহাবুদ্দিন জনিকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে শহরের সুগন্ধা বিচ এলাকা থেকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্পাদক মেজবাহ উদ্দিনকে (৪৩) গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর)  সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, গত ৩ আগস্ট সরকার পতনের আন্দোলনে কক্সবাজার  শহরে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার দায় স্বীকার করেছে। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এ দিকে জেলার উখিয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার ভোরে উপজেলার পালংখালী ও রাজাপালং ইউনিয়নে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের কর্মী ছৈয়দ নুর ওরফে প্রকাশ বার্মাইয়া ছৈয়দ নুর (৩৬), হেলাল উদ্দিন (২৮) ও জাহাঙ্গীর আলম (২৮)।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

-কক্সবাজার প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!