
পঞ্চগড়ের মাড়েয়া ত্রিস্রোতা শ্রীশ্রী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে মহালয়া উপলক্ষে পূজা অর্চনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি, যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়। মহালয়ার দিন থেকেই দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয় এবং এই তিথির মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আজ বুধবার (২ অক্টোবর) ভোর ৬টায় মন্দির প্রাঙ্গণে ঢাকের বাজনা ও চণ্ডীপাঠের মাধ্যমে মহালয়ার অনুষ্ঠান শুরু হয়। ভক্তরা দেবী দুর্গাকে আহ্বান জানাতে অংশ নেন এবং মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ঘট স্থাপন, পূজা অর্চনা ও আরাধনার আয়োজন করা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ এবং ধর্মীয় সংগীতেরও আয়োজন ছিল। মহালয়ার মূল পূজা শেষ হওয়ার পর থেকেই দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান শুরু হবে।
মহালয়ার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল দেবী দুর্গার মহিষাসুর বধের নাট্য প্রদর্শনী। আগমনী গানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বেশ আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
মহালয়ার দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়। এতে ভক্তরা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ করেন। পাশাপাশি মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজনও করা হয়েছে।
পঞ্চগড় পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর জেলার ৯৩টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রাচীন শ্রী শ্রী বোদেশ্বরী মন্দিরে দুর্গোৎসবের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিমা নির্মাণ থেকে প্যান্ডেল স্থাপনসহ যাবতীয় আয়োজন আগেই সম্পন্ন হয়েছে।
ত্রিস্রোতা বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি শ্রী নিতীশ কুমার বকশী জানান, পঞ্জিকা অনুযায়ী আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে সেদিন। ১০ অক্টোবর মহাসপ্তমীর পূজার মাধ্যমে দুর্গোৎসবের মূল আচার শুরু হবে, যা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ১৩ অক্টোবর সমাপ্ত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সায়েদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ রুনা। এছাড়া বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রী মদন মোহন রায়, সাধারণ সম্পাদক, বোদেশ্বরী মন্দির। সভাপতিত্ব করেন শ্রী পরেশ চন্দ্র বর্মন। বক্তারা বলেন, পূজার সুষ্ঠু ও নিরাপদ আয়োজনের জন্য প্রশাসন সর্বদা পাশে আছে এবং ভক্তদেরও পূজার শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানান।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক