হোম » সারাদেশ » জামালপুরে টিসিবির পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন  কার্ডধারীরা

জামালপুরে টিসিবির পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন  কার্ডধারীরা

জামালপুরে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ডধারীরা পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নে সরেজমিনে ঘুরে এমনটাই দেখা গেছে। 

ইউনিয়নের তিনটি পয়েন্টে সকাল থেকে দুই লিটার সয়াবিন ও দুই কেজি ডাউল, পাঁচ কেজি চাউল চারশো আশি টাকায় বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের চার হাজার দুইশো সুবিধাভোগীর মধ্যে এসব পণ্য বিতরণ করা হবে।

শরিফপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এবং শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য নিতে আসা নিম্ম আয়ের মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।

টিসিবি পণ্য নিতে আসা একাধিক নারী পুরুষের সাথে কথা বলে জানা গেছে, নিয়মিত টিসিবি কার্ডধারীরা অনেকেই পণ্য পাচ্ছেন না।

একাধিক নারী পুরুষ জানিয়েছেন, নতুন করে এক ধরনের স্লিপ তৈরি করে পণ্য বিতরণ করা হচ্ছে। স্লিপ যাচাই করে দেখা যায় , বেশিরভাগ স্লিপ স্বাক্ষর ছাড়া।

ডাটাবেইজে নাম থাকা কার্ড নিয়ে এসে পণ্য না পেয়ে  ফেরত  যাচ্ছে এমন একজন আক্তার হোসেন জানান, তিনি ইউনিয়নের শীতলকূর্শা গ্রাম থেকে পণ্য নিতে এসেছেন।

কিন্তু কার্ডে পণ্য দেয়া হচ্ছে না। পণ্য দেয়া হচ্ছে স্লিপে। তাকে কোন স্লিপ দেয়া হয়নি। জয়রামপুর গ্রামের খোদেজা নামে এক নারী কার্ড নিয়ে এসে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে জানিয়ে সাংবাদিকদের জানান, কার্ডের বদলে স্লিপ দিয়ে পণ্য দিচ্ছে।  আগের কার্ডধারীরা পণ্য পাবে না বলে তাকে জানিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন ওই নারী।

জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলম আলীর নামে মামলা থাকায় তিনি পরিষদে আসছেন না। এ অবস্থায় ইউপি সদস্যরা কার্ডের বদলে এক ধরনের স্লিপে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে।  নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি সদস্য জানান, বিএনপি নেতাদের চাপে তারা কার্ড অনুযায়ী পণ্য না দিয়ে স্লিপে পণ্য দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  এসব বিষয়ে জানতে চাইলে শরিফপুর পরিষদ ভবন পয়েন্টে উপস্থিত থাকা ট্যাগ অফিসার সাইদুর রহমান বলেন, টিসিবি পণ্য বিতরণে কোন অনিয়ম হচ্ছে না।

কার্ডধারীরা পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে কেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। জানতে চাইলে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নত শহীদ পিংকী বলেন, যেহেতু কোন কার্ড বাতিল করা হয়নি সেহেতু কার্ডধারীরা অবশ্যই পণ্য পাবেন। কার্ডধারী কেউ অনুপস্থিত থাকলে সেই পণ্য অন্য নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করতে হবে।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!