হোম » সারাদেশ » সিরাজগঞ্জে রং-তুলির ছোঁয়ায় দেয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে রং-তুলির ছোঁয়ায় দেয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে হাতের ছোঁয়ায় বিভিন্ন লেখনী ও গ্রাফিতির অঙ্কনে সেজে তুলেছে সিরাজগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলা। শিক্ষার্থীরা ছবিতে ফুটে তুলেছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস ও প্রতিবাদী বানী।

বুধবার (১৪ আগস্ট) সকালে দেখা যায়, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিরাজগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, সরকারি সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়, মাওলানা ভাসীনী ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জ পৌরসভা রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কন করেছেন।

স্বৈরাচারবিরোধী, গণতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া ও জানা-অজানা বীরদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মায়াবী মুগ্ধের সেই ডাক, পানি লাগবে, পানি? বীর শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবিও ফুটিয়ে তোলা হয়েছে এই অঙ্কনে।

শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে করা ক্যালিওগ্রাফি-গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে সবার। এই রোদের মধ্যে শিক্ষার্থীদের এক হাতে রঙয়ের কোটা, অন্যহাতে তুলি। শিক্ষার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস। অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নীল, হলুদসহ নানা রঙে জল তুলির আঁচড়ে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি, আবার কেউ কেউ একে অপরকে পান করাচ্ছেন পানি। অনেকেই আবার দেখিয়ে দিচ্ছেন কোথায় কি রং, কোন ক্যালিওগ্রাফি করবে। সবার চোখেমুখেই যেন ছিল বিজয়ের হাসি।

অমিত হাসান, নাজমুল হোসেন, আরিফ হোসেন, সাদিয়া খাতুন, সুজানা সরকারসহ আরো শিক্ষার্থীরা বলেন, এই দেশটা আমাদের সবার। দেশ যেহেতু আমরা স্বাধীন করেছি সেহেতু এ দেশের প্রতিটি স্থাপনা রক্ষা ও এইসবের সৌন্দর্য রক্ষার দায়িত্বও আমাদের সবার। সবকিছু ভুলে আমাদের নতুনভাবে দেশ গড়তে হবে। দেশের হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে শিক্ষার্থীরা জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, সারা দেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্কুল, কলেজসহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা দেয়াল লেখনের কাজ করছি। আমরা আমাদের শহীদ ভাইদের ওপর যে নির্যাতন করা হয়েছে সেই বিষয় ফুটিয়ে তোলা চেষ্টা করছি।

-হুমায়ুন কবির সুমন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!