হোম » সারাদেশ » পঞ্চগড়ে দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে শিক্ষার্থীরা

পঞ্চগড়ে দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে শিক্ষার্থীরা

দেশের উত্তরাঞ্চলে অবস্থিত পঞ্চগড় জেলায় গত দশ বছর ধরে জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল খানাখন্দে ভরা, ভাঙাচোরা সড়কগুলো। কিন্তু এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এবার মাঠে নেমেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিজেদের অর্থায়নে ইটের খোয়া কিনে ভ্যানে করে এনে তারা সড়কের গর্তগুলো পূরণ করছেন।
পঞ্চগড় সদর উপজেলার পৌর সভার কায়েতপাড়া এলাকা থেকে শুরু করে এই উদ্যোগ।
রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেট থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম পর্যন্ত প্রায় আধ কিলোমিটার সড়কে খোয়া ফেলে সড়কটি সংস্কারের কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। শুধু এই একটি সড়কেই নয়, পর্যায়ক্রমে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও তারা এই কাজটি করবেন বলে জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার তদারকি, এমনকি আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা সক্রিয় ভূমিকা পালন করছে। সড়ক সংস্কারের এই উদ্যোগও তারই একটি অংশ।
দুর্নীতির কবলে পড়া সড়ক: দীর্ঘদিন ধরে এই সড়কগুলো সংস্কার না হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে শিক্ষার্থীরা দুর্নীতিকে দায়ী করেছেন। তাদের মতে, দুর্নীতির কারণেই জনগণের টাকায় নির্মিত সড়কগুলো এতদিন ধরে এভাবেই অবহেলিত থেকে গেছে।
পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ও কায়েতপাড়া যুব সংঘের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব দৈনিক গণমানুষের আওয়াজ কে বলেন, “আমরা কায়েতপাড়া যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীরা মিলে রাস্তা সংস্কার করছি। কায়েতপাড়ার গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘ ১০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্নীতি ও অপশক্তির কারণে এ সমস্যা। নতুনভাবে দেশ সাজাতে পৌরসভার রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
অন্য এক শিক্ষার্থী সফিক ইসলাম বাঁধন গণমানুষের আওয়াজকে বলেন, “আমাদের এ কার্যক্রমে ছাত্র সমাজসহ স্থানীয় জনগণও একাত্মতা ঘোষণা করেছেন। আশা করি, সবার সহায়তায় আমরা নতুন করে দেশ সাজাতে পারব।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহতের পর কর্মবিরতি পালন করছেন ট্রাফিকসহ থানার পুলিশ সদস্যরা। আর এসময়ে পঞ্চগড় জেলার রাস্তাঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসির সদস্য ও স্কাউট সদস্যরা।
পঞ্চগড়ের শিক্ষার্থীরা তাদের এই উদ্যোগের মাধ্যমে একটি নতুন ইতিহাস রচনা করছে। তারা প্রমাণ করেছে যে, দেশের উন্নয়নে শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
– আল মাহমুদ দোলন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!