হোম » সারাদেশ » বোদায় তৃতীয় শ্রেণীর পড়ুয়া ছাত্রের বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

বোদায় তৃতীয় শ্রেণীর পড়ুয়া ছাত্রের বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কইমারী গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
আজ ০১/০৮/২০২৪ দুপুর ১১.৪০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বলদেব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত বলদেব ভেলাপুকুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার পিতা কাব্য, ময়দানদিঘী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কইপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ঘটে যখন বলদেব বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, টিউবওয়েলের সাথে একটি পানির পাম্প সেটিং করা ছিল। মৃত বলদেব পানির পাম্পে সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে, ফলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বলদেবের দাদি মোলানী ঘটনাটি প্রথম দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।
বলোদেবের পিতা কাব্য জানান, তিনি সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং জানতে পারেন যে তার ছেলে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। কাব্য বলেন, “আমার জমজ দুই সন্তানের মধ্যে বলদেব বড়ো। টিউবওয়েলের সাথে পানির পাম্প লাগানো ছিল। ইলেকট্রিক সুইচ দিতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।”
স্থানীয় লোকজন দ্রুত বলদেবকে বোদা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর, দুপুর ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. নিতু বলদেবকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, বলদেবের মৃত্যু বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে।
বোদা উপজেলা ভাইস চেয়ারম্যান দেব নারায়ন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, খবর পাওয়ার পরপরই তিনি হাসপাতালে ছুটে আসেন এবং বাচ্চাটির মৃত্যু নিশ্চিত করেন। তিনি আরও জানান যে, টিউবওয়েলের সাথে পানির পাম্প সেটিং করা ছিল এবং সেখানে সুইচে বৈদ্যুতিক সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বোদা থানার এসআই জাহাঙ্গীর প্রাথমিক তদন্ত শেষে নিশ্চিত করেন যে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, “বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।”
বলদেবের মৃত্যুতে তার পরিবার এবং পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী এবং স্কুলের শিক্ষকগণও এ ঘটনার পর গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিদ্যুৎ নিরাপত্তার গুরুত্ব এবং সতর্কতার প্রয়োজনীয়তা এ ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন।
-আল মাহমুদ দোলন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!