
কক্সবাজারের রামু রেললাইন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে রশিদ নগর কাদমর পাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি থানায় এনে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ঝিলংজা ৯ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বলেন, নিহত যুবকের নাম মোহাম্মদ মামুন। সে কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া ঘাটপাড়ার মৃত মোহাম্মদ নবীর বড় ছেলে।
মামুনের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম বলেন, শহরের ঝাউতলা এলাকায় ভিশন শো-রুমে মামুন কর্মরত ছিলেন। শনিবার রাত ৮ টায় শো-রুম বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু রাত ১২ টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মুঠোফোনে কল দিয়েও সংযোগ বন্ধ পাওয়া যায়। পরে রাতভর বিভিন্ন জায়গায় তার খোঁজ নিয়েও পাওয়া যায়নি। রবিবার সকালে তার নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি জিডি করে পরিবার। জিডি করার পর খবর আসে রামু রশিদ নগর এলাকার রেললাইনের পাশে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। এটি আসলে পরিকল্পিত হত্যাকান্ড। আমরা মামুন হত্যার বিচার চাই।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান