
আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চলমান গৃহের ৫ম পর্যায়ের ২য় ধাপে চন্দনাইশ উপজেলায় ১৭১ টি ঘর প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর চন্দনাইশে ভূমি ও গৃহহীনদের জমিসহ গৃহের কাগজপত্র হস্তান্তর করা হয়।
গতকাল চন্দনাইশে গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মালেক। উপজেলা ভিডিও অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এড. কামেলা খানম রূপা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হয়।
এ প্রকল্পের আওতায় প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিতে একটি করে আধা-পাকা ঘর প্রদান করা হয়, যার মালিকানা যৌথভাবে স্ত্রী-স্বামী উভয়কে দেওয়া হয়। প্রতিটি বাড়িতে দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের জন্য পুনর্বাসন কর্মসূচি প্রথম চালু করেন। এরই ধারাবাহিকতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘরবাড়ি ও জমির মালিকানা দিতে ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্প হাতে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩