হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ব্রীজ থেকে পড়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জে ব্রীজ থেকে পড়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে বেইলি ব্রিজ থেকে পড়ে সাহেব আলী (৫২) নামে এক বাই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউপি’র চন্ডীদাসগাঁতী এলাকার একটি বেইলি ব্রিজে এই ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মাঙ্গন আলীর ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, রাত সাড়ে ৯ টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্টেশন অফিসার আতাউর রহমান আরও জানান, চন্ডীদাসগাঁতী এলাকায় একটা পুরাতন বেইলি ব্রিজের পাশ দিয়েই নতুন রাস্তা ও ব্রিজ তৈরি হয়েছে। ফলে এটা এখন পরিত্যক্ত। এটার মাঝখানের পাঠাতানও খোলা। ওই ব্যক্তি রাতের অন্ধকারে সেটা না জেনে ওই দিক দিয়েই বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ গভীর নোংরা পানিতে পড়ে যান। পরে আমাদেরকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, বেইল ব্রিজটি কিছুদিন আগে একটি ট্রাক যাওয়ার সময় দেবে যায়। পরবর্তীতে কর্তৃপক্ষ ব্রীজের পাটাতন খুলে নিয়ে যান। এরপর সেই ব্রিজে প্রবেশে কোনো বাধা ও সংকেত না থাকায় ব্রিজটি অরক্ষিত অবস্থায় ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের পর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছিলো। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একারণে তার বক্তব্য নেওয়া হয়নি।

-হুমায়ুন কবির সুমন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!