
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গত শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আলতাব ওই এলাকার বাচ্চু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ৮৯৩ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন।
এ সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার বুকে গুলিবিদ্ধ হয়ে কৃষক আলতাব হোসেন আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়।
তবে এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত আলতাব হোসেনের বুকে গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
–হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান