হোম » সারাদেশ » কক্সবাজারের ৩ উপজেলা পরিষদের নির্বাচন আজ

কক্সবাজারের ৩ উপজেলা পরিষদের নির্বাচন আজ

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : আজ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজারের ৩ উপজেলা কক্সবাজার সদর, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণের মালামাল বিতরণ করা হয়। ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন। 
আজ বুধবার (৮মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। কক্সবাজার সদরে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকলেও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কক্সবাজার সদর উপজেলা দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তাঁরা হলেন, মোটরসাইকেল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও আনারস প্রতীকের মুজিবুর রহমান।
অন্যদিকে মহেশখালী উপজেলা চেয়ারম্যান পদে ৫ প্রার্থী থাকলেও সেখানে শরীফ বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার পুত্র আব্দুল্লাহ আল নিশান চেয়ারম্যান পদে প্রার্থী থাকলেও তিনিও ভোটের মাঠে নিষ্ক্রিয়। তাই এখানে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন।
কুতুবদিয়া উপজেলায় ৩ চেয়ারম্যান পদপ্রার্থীর সকলেই আছেন ভোটের মাঠে। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী অসুস্থ হয়ে পড়লে গেল রবিবার সকালে এয়ার এম্বুলেন্স যোগে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে দলীয় ও পারিবারিক সূত্র বলছে তিনি শারিরীকভাবে উপস্থিত থাকতে না পারলেও ভোটের মাঠে আছেন।
এই ৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী রয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে রশিদ মিয়া একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। অন্যদিকে মহেশখালী উপজেলায় ৫ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৩ প্রার্থী নির্বাচনের মাঠে আছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কক্সবাজার সদরে ২, মহেশখালীতে ৩ ও কুতুবদিয়া উপজেলায় ২ জনসহ মোট  ৮ প্রার্থী মাঠে রয়েছেন।
তিন উপজেলায় মোট ভোটার ৫ লক্ষ ৭৭ হাজার ৪৯৬ জন৷ যার মধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ২২ হাজার ৮শ ৬৮ জন। মহেশখালী উপজেলায় ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৯৭ হাজার ১৭০ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ২০৪ টি। যার মধ্যে সদরে ৮৬ টি, মহেশখালীতে ৮১ টি এবং কুতুবদিয়ায় ৩৭ টি কেন্দ্র।
কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার নাজিম উদ্দিন বলেন, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোটগ্রহণ করা হবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। স্ব স্ব কেন্দ্রে গতকাল মঙ্গলবার পাঠানো হয়েছে ইভিএম মেশিন ও নির্বাচনী সরঞ্জাম।
ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের একাধিক টিম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!