
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার গোয়ালীয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ওই মাদক জব্দ করা হয়। এ সময় হেলাল উদ্দিন (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে। তিনি উখিয়ার ঠাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তৎপর আছে বিজিবি। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মরিচ্যা যৌথ তল্লাশি চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গোয়ালীয়া এলাকায় থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে।
এ সময় তাঁর কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫০৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলার পর মাদকসহ তাঁকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান