হোম » সারাদেশ » বডি ফিটিং এর মাধ্যমে ট্রেনে গাঁজা বহন করছিল দুই নারী; গ্রেফতার করলো পুলিশ

বডি ফিটিং এর মাধ্যমে ট্রেনে গাঁজা বহন করছিল দুই নারী; গ্রেফতার করলো পুলিশ

গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ট্রেন থেকে শরীরের কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় (বডি ফিটিং) চার কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোট ভাদুর বটতলা এলাকার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৬) ও আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৬)।  সোমবার (১৮ মার্চ) রাত ১১ টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই ট্রেনে অভিযান পরিচালনা করেন।
ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে যাত্রী বেশে মাদক ব্যবসায়ী দুই নারী তাদের নিজের শরীরের কোমরে বিশেষ কায়দায় গাঁজা বেঁধে বসে ছিলেন। তল্লাশীকালে ওই দুই নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!