
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বিশ্বওলী গাউসুল আজম বড়পীর হয়রত আব্দুল কাদের জিলানী (রহ.) স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় হযরত শাহসূফী আব্দুল খালেক মুন্সি কাদরিয়া ডক সাহেবের কেন্দ্রীয় দরবার শরীফে পাঁচ দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে।
সোমবার এশার নামাজের পরে আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে অবস্থিত বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ৪৬ তম এই ওরশ শুরু হয়। সোমবার থেকে শুরু হওয়া এ ওরশ চলবে শুক্রবার পর্যন্ত।
শুরুর দিনে রাজবাড়ী বাঘিয়া মদিনাতুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসা ও দরবার শরীফের পীর সাহেব মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী ডক সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এছাড়াও একইদিন বিশিষ্ট ইসলামি সূফী সঙ্গীত শিল্পী চট্রগ্রামের মো. মাসউদ রেজা কাদেরী ও আমিরুজ্জামান কাদেরী সূফী সঙ্গীত পরিবেশন করেন।
এদিকে ওরশ শুরু হওয়ার আগে থেকেই দূর-দূরান্ত থেকে শত শত মানুষকে ডক সাহেবের দরবার শরীফে ভিড় জমাতে দেখা গেছে। প্রতিবছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে। পাঁচ দিনের এই ওরশে প্রতি ওয়াক্তই কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। ওরশ উপলক্ষে দরবারের সামনে পাঁচদিনের মেলাও বসেছে।
বাৎসরিক ওরশ উদযাপন কমিটির পরিচালক মো. ওয়াহিদুজ্জামান মুন্সী (নাঈম) জানান, পাঁচদিন ব্যাপী বাৎসরিক ওরশ পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। এই ওরশ সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। ওরশের সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য সম্পূর্ণ এলাকায় সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও প্রশাসন কর্তৃক নির্দেশনা মেনে ওরশের কার্যক্রম সম্পূর্ণ করা হবে।
তিনি আরও জানান, পাঁচ দিনব্যাপী এই ওরশে ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক গানসহ নানা আয়োজন থাকে আমাদের। যেহেতু দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসে সেজন্য আমরা বিনামূল্যে তাদের খাবারের ব্যবস্থা করি। যে যার মতো উঠোনে, মাঠে, দরবার শরীফে ঘুমায়। কোনো সমস্যা হয় না। এত মানুষের সমাগম হওয়ার পরেও কোনো বিশৃঙ্খলা নেই আমাদের দরবারে। এটা শুধু আল্লাহর রহমত থাকলেই সম্ভব।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন জানান, ‘পাঁচ দিনব্যাপী ওরশ পরিচালনা করার জন্য ওরশ কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়েছে। নিয়ম মেনে ওরশ পরিচালনা করার জন্য সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।’
উল্লেখ্য, সুফিতন্ত্রের ভাবধারা ইসলামিক আধ্যাত্মিক চিন্তাচেতনায় মানুষ মানুষের মাঝে আত্মার সম্পর্ক স্থাপনের লক্ষে প্রায় প্রায় চার যুগের বেশী সময় ধরে ডক্ সাহেব তার নিজ বাড়ি আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে গড়ে তুলেছেন বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল। প্রতি সপ্তাহের বুধবারে ডক্ সাহেবের সাপ্তাহিক জলসা এবং প্রতিবছর বাংলা ২০ই ফাল্গুন হতে ২৪ই ফাল্গুন হাজার হাজার ভক্তদের আগমনের মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী বাৎসরিক এই ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। হযরত শাহসূফী আব্দুল খালেক মুন্সি কাদরিয়া (ডক্ সাহেব) চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ওফাত বরণ করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল