
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সদরে এনআরবিসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতের উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। এর ডান পাশে এসকেএস এনজিও এবং এর সোজা বাড়ীওয়ালা থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ীওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।
এনআরবিসি ব্যাংকের ওই উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই। এরপর শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী এবং পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।’

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান