হোম » শহর-নগর » ডেঙ্গু আক্রান্ত চারজনের মধ্যে একজন শিশু

ডেঙ্গু আক্রান্ত চারজনের মধ্যে একজন শিশু

আওয়াজ অনলাইন: এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত রোগীদের চার জনের মধ্যে একজন শিশু। এক থেকে ১০ বছর বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে বেশি ঝুঁকি দেখা গেছে এক বছর বয়সী শিশুদের।

দৃশ্যপট বাংলাদেশ শিশু হাসপাতাল। হাতে ক্যানোলা লাগানো ছোট্ট শিউলি। মোবাইলে কার্টুন দেখিয়ে মন ভোলানোর চেষ্টা করছে মা সায়লা আক্তার। তিনি জানান প্রথম দিনের জ্বরেই কাবু হয়ে পড়েছে শিশুটি। সঙ্গে আছে জ্বর, বমি, পেটে ব্যথার লক্ষণ।

ডেঙ্গু আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে চলছে শিশু হাসপাতালে। রোগী বাড়ায় শিশু হাসপাতাল করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। যেখানে ভর্তি আছে ৩০ জন শিশু। কেবল রাজধানীই নয়। জটিল অবস্থা নিয়ে রোগী আসছে রংপুর আর বরিশালের মতো জেলা থেকেও।

শিশু হাসপাতালের তথ্য বলছে, শিশুদের খুব দ্রুত আক্রান্ত করছে ডেঙ্গু। প্রতি চারজন রোগীর মধ্যে একজন শিশু। তবে এক থেকে ১০ বছর বয়সী শিশুরাই এবার বেশি আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এক বছর বয়সী শিশুরা।

প্রতিনিয়তই শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। অর্ধেকের মতো শিশুকে ভর্তি করতে পারছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় এক-চতুর্থাংশই শিশু। এদের মধ্যে ছয় মাসের শিশুও রয়েছে। জ্বর, মাথাব্যথা, পাতলা পায়খানা, বমি আর শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা।

বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু আক্রান্ত শিশুদের মধ্যে যাদের মুখের পাশাপাশি বমি ও পায়খানার সঙ্গে রক্ত পড়ে, তাদের অবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে কোনো ধরনের লক্ষণ দেখা গেলেই পরীক্ষা করাতে হবে।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত শিশুদের মধ্যে এ বছর সাধারণ উপসর্গের পাশাপাশি কিছু নতুন উপসর্গও দেখা যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলে অনেকেরই জ্বরের সঙ্গে ডায়রিয়া ও বমির সমস্যা হচ্ছে। এছাড়া মাথা ও গায়ে ব্যথা। খুব তাড়াতাড়ি শকে চলে যাবার প্রবণতাও দেখা যাচ্ছে।

ঈদের ছুটি শেষে সারাদেশে স্কুল খুলে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখছেন এই চিকিৎসক। ডা. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় সেসব স্থান এডিস মশার প্রজনন কেন্দ্রে পরিণত হতে পরে। আবার একজন আক্রান্ত হলে অন্যরাও ঝুঁকিতে পরবে। এই পরিস্থিতিতে বাড়ির শিশুদের নিয়ে সচেতনতা আশা করছেন তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!