
আওয়াজ অনলাইন ডেস্ক
রাজধানীর আগারগাঁও এলাকায় বিশেষ অভিযানে ধরা পড়েছেন তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে ‘স্মার্ট হাসান’ (৩৮)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর মোহাম্মদপুর শেরে বাংলানগর ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
সেনা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট থেকে নজরদারিতে ছিলেন স্মার্ট হাসান। অভিযোগ ছিল, তিনি নিয়মিতভাবে বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করতেন এবং সেই টাকা পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে। জাহিদ হোসেন বহিষ্কৃত যুবদল নেতা; বর্তমানে তিনি পলাতক।
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরের ঘটনাও ঘটে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান হাসান।
শেরে বাংলানগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, “স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। দীর্ঘ অনুসন্ধান শেষে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আটক করার পর তাকে শেরে বাংলানগর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”
এ কর্মকর্তা আরও জানান, যেসব ভুক্তভোগী আগে হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছিলেন, তারা তার গ্রেপ্তারের খবর শুনে থানায় এসে মামলা দায়ের করছেন।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস