হোম » শহর-নগর » তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ফ্লাইওভারে অবরোধ করে মানববন্ধন

তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ফ্লাইওভারে অবরোধ করে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুরের সংযোগস্থল তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণ ও খানাখন্দে ভরা সড়কের সংস্কারের দাবিতে বিআরটি ফ্লাইওভারে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
আজ (২৫.৮.২০২৫) সোমবার সকাল ১০টায় টঙ্গীবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ বিআরটি ফ্লাইওভারের উপরে অবরোধ করে এই মানববন্ধন করেন টঙ্গী, উত্তরার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ জনগণ। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনের কারণে ফ্লাইওভারের উপর দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে বেলা ১১.২০ টায় অবরোধ তুলে নেয়া হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, স্থানীয় ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীম, মুফতি মাসুদুল করিম, টঙ্গীবাজারের ব্যবসায়ী নাসির উদ্দিনসহ কয়েক হাজার ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন টঙ্গী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার।
এসময় বক্তারা বলেন, প্রাচীনতম টঙ্গী বাজার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসায়ী কেন্দ্র। টঙ্গীবাসীর জীবন ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন সেতু নির্মাণ ও সড়ক সংস্কার ব্যতীত সমস্যার সমাধান অসম্ভব। বেইলি ব্রিজ না থাকার কারনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। চলাচলে বিঘ্ন ঘটছে জনসাধারণের। তাই সরকারের কাছে টঙ্গী ও উত্তরাবাসীর জোর দাবি- তুরাগ নদের উপর যেন দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ না নিলে পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এসময় উপ-বিভাগীয় প্রকৌশলী টঙ্গী সাব ডিভিশন আনোয়ার হোসেন খান বলেন, এটি সেতু বিভাগের কাজ। তারপরও আমরা বিষয়টি তাদেরকে অবহিত করব। উল্লেখ, একই দাবিতে গত ১ মার্চ টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!