হোম » শিক্ষা » হাবিপ্রবির ১৬৮৫ আসনে ডাক পেলেন সাড়ে ৭ হাজার ভর্তীচ্ছু

হাবিপ্রবির ১৬৮৫ আসনে ডাক পেলেন সাড়ে ৭ হাজার ভর্তীচ্ছু

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ফাঁকা আসন পূরণে বিশেষ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি নেওয়ার পরও প্রায় ২৭০টি আসন শূন্য থাকায় গত রবিবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে হাবিপ্রবি কর্তৃপক্ষ। এতে তিন ইউনিটে ১ হাজার ৬৮৫ টি আসনের বিপরীতে এপর্যন্ত প্রায় ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রিপোর্ট করতে ডাকা হয়েছে। রেজিস্ট্রার অফিসের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বিগত তিন মেধাতালিকায় বিষয় না পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ‘এ’ ইউনিটে ২৮৫৬ থেকে ৩৬৪৮ এবং স্থাপত্য হতে ৪ থেকে ৯, মুক্তিযোদ্ধা কোটা ১২৬-১৯২, ‘বি’ ইউনিটে মানবিক হতে ৪২৩ থেকে ৬১৫ এবং বিজ্ঞান ও বাণিজ্য হতে ১২৩ থেকে ২৮৯, মুক্তিযোদ্ধা কোটা ১০-২৮(বিজ্ঞান ও বাণিজ্য), ‘সি’ ইউনিটে বাণিজ্য হতে ৬১০ থেকে ৯৮২ এবং বিজ্ঞান ও মানবিক হতে ৯৩ থেকে ১৩২, মুক্তিযোদ্ধা কোটা ৪-৯ (বিজ্ঞান ও মানবিক) অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীকে ২০ ফেব্রুয়ারি রিপোর্ট করতে ডাকা হয়েছে। এতে আরও বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের লেভেল ১, সেমিস্টার-১ এ অপেক্ষমান তালিকা হতে জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ‘বি’ ইউনিট (মানবিক), ‘সি’ ইউনিট (বাণিজ্য) এর রিপোর্ট ও ভর্তি ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তালিকায় থাকা শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ড. এম. এ. ওয়াজেদ মিয়া ভবনের নির্ধারিত বুথে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। যেসব প্রার্থী দুপুর ১২টার মধ্যে রিপোর্ট সম্পন্ন করবে কেবলমাত্র তাদের মধ্যে থেকেই মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির বিষয়সহ নির্বাচিত প্রার্থীর তালিকা দুপুর ২টার মধ্যে প্রকাশ করা হবে এবং বিকেলে ৪টার মধ্যে ভর্তি হতে হবে। উল্লেখ্য, গত ১৬ ও ২৬ জানুয়ারি যেসব প্রার্থী রিপোর্ট করেও ভর্তির জন্য বিবেচিত হয়নি, তাদের আর রিপোর্ট করতে হবে না। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.hstu.ac.bd

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!