হোম » শিক্ষা » রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমরা ভালভাবেই করব: মাননীয় প্রধানমন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমরা ভালভাবেই করব: মাননীয় প্রধানমন্ত্রী

হাবিবুর রহমান, রবি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববিদ্যালয় করা এটা শাহজাদপুরবাসী বা সিরাজগঞ্জের কেউ দাবি করেনি। এটা আমাদের, আমার নিজের চিন্তায় করে দিয়েছি। কাজেই এ বিশ্ববিদ্যালয় আমরা ভালভাবেই করব।

বুধাবর (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য চয়ন ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি নজরে আনলে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেন, শাহজাদপুরে রবীন্দ্রনাথের অবস্থান ছিল। ওখানে বসে তিনি অনেক কবিতা লিখেছেন। কাজেই তার নামেই আমরা সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এবং সেটার আইনও পাশ হয়ে গেছে, প্রকল্পও নেওয়া হয়েছে।

সংসদ সদস্য (শাহজাদপুর- ৬) চয়ন ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন শাহজাদপুরে আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ক্লাসসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সেখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আপনার সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে শাহজাদপুরে এবং আমরা আশা করি যে এ উন্নয়নও হবে।

এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন,মাননীয় সংসদ সদস্য চয়ন ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে আনেন। মাননীয় প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, এর উন্নয়নের ব্যাপারে তিনি যে যথেষ্ট মনোযোগী ও সহানুভূতিশীল, তা তাঁর বক্তব্যে পুনরায় স্পষ্ট হয়েছে।

আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য জনাব চয়ন ইসলামের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের ব্যাপারে অত্যন্ত তৎপর,  আমাদের কর্মকাণ্ড সে মতো পরিচালিত হচ্ছে। আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  অবকাঠামো নির্মাণে সক্ষম হবো।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০১৫ খ্রিস্টাব্দের ৮ মে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরের বছর অর্থাৎ ২০১৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই তারিখে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ মহান জাতীয় সংসদে পাশ হয় এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দুটি অনুষদের অন্তর্ভুক্ত মোট তিনটি বিভাগে ১০৫ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!