
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশ দোহাজারী পৌরসভা সদর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহনকৃত জায়গা দখল করে প্রভাবশালী মহলের অধিনে ব্যবসা করছে কিছু ভাসমান ব্যবসায়ী। ফলে সড়ক ও জনপথ বিভাগের কোটি টাকার সম্পদ বেদখল হয়ে পড়েছে। সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী শঙ্খ নদীর উপর ব্রীজ নিমার্নের পর সড়কের দুই পাশে চার লাইনে সড়ক নিমার্ণ করা হয়। ব্রীজের উত্তর পাশে দোহাজারী সদর এলাকায় সড়কের দুই পাশে কিছু প্রভাবশালী মহলের সহযোগিতায় সওজ’র জায়গা দখল করে তথা সড়কের উপর ব্যবসা করছে কিছু ভাসমান ব্যবসায়ী। অর্ধ শতাধিক ভাসমান ব্যবসায়ীদের মধ্যে ৫টি মাংসের দোকান, ৬টি মুরগির দোকান, ৫টি ফলের দোকান, একাধিক পান সিগারেটের দোকানসহ অর্ধ শতাধিক দোকান বসেছে।
হাজারী মার্কেটের সামনে ১০টির অধিক দোকান একইভাবে বসিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। নাম প্রকাশে অনিচ্ছা শর্তে ব্যবসায়ীরা জানালেন, প্রতিটি মাংসের দোকান থেকে দৈনিক ১ হাজার ৫’শ টাকা, মুরগির দোকান থেকে ৮’শ টাকা, ফলের দোকান থেকে ১ হাজার টাকা, পান সিগারেটের দোকানসহ অন্যান্য সকল দোকান থেকে ৪’শ থেকে ৫’শ টাকা আদায় করে প্রভাবশালী মহল।
তাদের সাথে কথা বলে জানা যায়, সড়কের পাশের ভূমির মালিকেরা এসব ভাসমান ব্যবসায়ীদেরকে দৈনিক ভাড়া নেয়ার ভিত্তিতে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। ফলে দোহাজারী সদর এলাকায় শাখা সড়কে যানবাহন চলাচল করতে না পারায় যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
এ ব্যাপারে দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম বলেছেন, এ বিষয়ে তিনি প্রশাসনের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করবেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহামুদা বেগম বলেছেন, পৌর মেয়র বাজার ইজারা দিয়েছে।
বাজারের বাইরে সড়ক দখল করে ব্যবসা করার বিষয়ে তিনি মেয়র থেকে অভিযোগ পেলে মোবাইল কোট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন বলে জানান। সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী সুমন সিংহ বলেছেন, ব্রীজটি নিমার্ন করা হয়েছে একটি প্রকল্প থেকে। তারা এখনো ব্রীজ ও ব্রীজের সাথে সড়ক নিমার্ণ কাজ শেষ করে তাদেরকে বুঝিয়ে না দেয়ায় তারা পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ