
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী স্মরণে ও শ্রদ্ধা জ্ঞাপনে র্যালি, পুষ্পস্তবক অর্পণ এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সর্বস্তরের অংশগ্রহণে র্যালি শুরু হয়ে শালবন বিহার জাদুঘর সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের সর্বস্তর থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আজ বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস। এ দিনটি জাতির জন্য শোক ও বেদনার। বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। বিশাল হৃদয়ের অধিকারী বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি আদর্শের নাম। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই আদর্শকে হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার করেও যড়যন্ত্রকারীদের কর্মকান্ড থেমে থাকেনি। মুক্তিযুদ্ধের শক্তির উপর ক্রমাগতভাবে আঘাত হানা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালি জাতি জ্ঞান-বিজ্ঞানে উন্নতির মাধ্যমে যেনো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আজ আমাদের এই জাতীয় শোক দিবসে প্রতিজ্ঞা হোক, বঙ্গবন্ধুর আদর্শ যথাযথভাবে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা গড়ে তুলি আমাদের দেশকে, উন্নতি করি আমাদের শিক্ষা ও গবেষণাকে। এর মধ্য দিয়েই আমাদের বিশ্ববিদ্যালয়সহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশের ভিশন অর্জন হবে।’
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগের সভাপতি সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার শান্তি কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার