
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পাঠদান করতে পারে সেজন্য ১০ লাখ টাকা মূল্যমানের বেঞ্চ, টেবিল-চেয়ার প্রতিষ্ঠানের প্রধানদের কাছে বুঝে দেয়া হয়।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমির মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অসহায় নারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব সামগ্রী তুলে দেন, ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়প্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
এসময় আরিফুর রহমান দোলন বলেন, ‘সমাজে নিম্নবিত্ত পিছিয়ে পড়া অনেক ভদ্র ভাই-বোন আছেন যারা ভালো সেলাইয়ের কাজ জানেন, কিন্তু সেলাই মেশিন নাই। একটি সেলাই মেশিন হলে জীবনকর্মে ঘুরে দাঁড়াতে পারেন। আজকে কিছু অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলাম এবং কিছু বরাদ্দ পত্র দিলাম। বরাদ্দ পত্র পাওয়া প্রত্যেকের বাড়িতে এই সেলাই মেশিন পৌঁছে দেওয়া হবে। আমাদের এই সমাজসেবামূলক কাজ বছরব্যাপী চলবে।’
সেলাই মেশিন পেয়ে খুশি চান্দড়া গ্রামের মৃত মোজাম মোল্লার স্ত্রী ফাতেমা বেগম। তিনি বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে নিয়ে খুব কষ্টে দিনপাত করছিলাম। একটি সেলাই মেশিন পেয়েছি, সেলাইয়ের কাজ করে মেয়েদের নিয়ে এখন দুমুঠো খেয়ে বাঁচতে পারব।’
অপর এক উপকারভোগী কামারগ্রামের বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘স্বামী মারা গেছেন কয়েক মাস আগে। স্বামীর মৃত্যুর পর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। সেলাই মেশিন পেয়েছি, এখন সেলাইয়ের কাজ করে যা রোজগার হবে তা দিয়ে সন্তানদের নিয়ে ভালোভাবে চলতে পারব।’
সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের আয়োজনে ও রোটারি কমিউনিটি কর্প অব আলফাডাঙ্গার সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন, রোটারি ক্লাব অব লুমিনাসের সাবেক সভাপতি কাজী সাইফুল হক, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম রানা, গোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাসমত হোসেন কাজল প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল