
এস আর নিরব, যশোর: যশোরের কেশবপুরে সাপের কামড়ে মোহনা চক্রবর্তী মিতু (১২) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। সোমবার (২৪ জুলাই) রাতে উপজেলার গৌরীঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
মোহনা চক্রবর্তী মিতু গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে। সে পাশের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে মোহনা চক্রবর্তী মিতু সোমবার রাতে তার দাদির সঙ্গে ঘুমিয়ে ছিলো। রাত ১১টার দিকে তাকে ঘুমের ভেতর বিষাক্ত সাপে কামড় দেয়। বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়-ফুঁকে কোনো কাজ না হওয়ায় মিতুকে অন্য আরেক ওঝার কাছে নেয়া হয়।
এখানে ঝাড়-ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের মেম্বার বিশ্বজিৎ মল্লিক বলেন, মিতু ছিলো মেধাবী ও সদালপী একজন মেয়ে। তার অকালমৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
অপ্রত্যাশিত দেখা!
উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “