
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২০২২-২৩ অর্থ বছরে ১ম পর্যায়ের প্রকল্পে গুরুত্বপূর্ণ ৭ নং ওয়ার্ডে তুলার মোড় সংলগ্ন চানুর বাড়ি হতে দক্ষিণদিকে মরহুম ইব্রাহিম চাকলাদারের বাড়ী হয়ে শাহজাহান সাধুর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের অর্থ লোপাটের অভিযোগ করেছেন এলাকাবাসী।
উক্ত প্রকল্পে ১৪ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্ধ থাকলেও রাস্তায় কোন মাটি পড়েনি বলে স্থানীয়রা ক্ষুদ্ধ। গত রবিবার (৭ মে) সরেজমিনে পরিদর্শনে গেলে প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ এনে রাস্তা সংস্কারের দাবী জানান এলাকাবাসী।
চেয়ারম্যান-ম্যাম্বাররা বছরের পর বছর প্রতিশ্রæতি দিলেও রাস্তার কোন কাজ হয়নি অভিযোগ করে এলাকার স্থানীয় ব্যবসায়ী ফকির তুলা মিয়া বলেন, আমাদের এলাকাতে কোন ভাল মাটি বা ৪/৫ বছরের মধ্যে কোন কাজ হয় নাই।
৩মাস আগে মেম্বারকে বললে তিনি ফসল কাটার পর কাজ ধরবেন বলে জানিয়েছেন। গ্রামের আবুল কালাম আজাদ স্বাধীনসহ বেশ কয়েকজন গ্রামবাসী ‘এক পাইছা মাটিও রাস্তায় ফালায়নি’ দাবী করে বলেন, রাস্তা দেখতে চেয়ারম্যান ম্যাম্বাররা কেউই আসেনি। প্রকল্পের টাকা মনে হয় আত্মসাৎ করে খাইয়া ফেলছে। এ বিষয়ে জানতে আমরা পরিষদে যাব।
প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেব। এ ছাড়াও চর পোগলদিঘার আফসার আলী বলেন, ১/২ বছরের মধ্যে এই রাস্তায় কোন কাজ হয় নাই।
চর পোগলদিঘার আবুল কালাম আজাদের পুত্র লুৎফর মিয়া বলেন, এই রাস্তায় আমরা কোন কাজ দেখি নাই। একই গ্রামের আঃ আজিজ রিপন, শামীম, আঃ করিম, চর পোগোলদিঘার তুলার মোড় এলাকার মফিজ মন্ডলসহ বিভিন্ন পেশার গ্রামবাসী এই রাস্তায় (তুলার মোড় হতে সাধুর বাড়ি পর্যন্ত) গত ৪/৫ বছরে কোন মাটি কাটা হয়নি বলে দাবী করেন।
তারা বলেন, প্রকল্পের টাকা লোপাট করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করার দাবী জানান। ইতিমধ্যে ২০২২-২৩ ইং অর্থ বছরের ১ম পর্যায়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ শেষ হয়েছে। অতিদরিদ্রদের জন্য দৈনিক চার শত টাকা মজুরীতে কাজ করার জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৪নং ওয়র্ডের পুঠিয়ার পাড় ও মোনার পাড়া বিলাত আলী মন্ডলে বাড়ির মোড় হতে বগারপাড় আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত রাস্তার সংস্কার কাজ মাঝামাঝি সামান্য স্থানে এবড়ো থেবড়ো ভাবে মাটি ছড়িয়ে দেয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
অপরদিকে ইউনিয়নের পুটিয়ার পাড় এলাকার ইসমাইল হোসেন বলেন, এই রাস্তায় দুই চার ছয় মাসতো দুরুস্থান ২০/২৫ বছরের মধ্যে কোন কাজ হয় নাই।
মোনার পাড়া এলাকায় মিলন বলেন, ২০ বছরের মধ্যে এই রাস্তায় কোন কাজ হয় নাই। একই গ্রামের রুবেল বলেন, পুরা রাস্তা মাটি কাটে নাই।
যেখানে যেখানে ভাংগা ছিল সেখানে সেখানে মাটি কাটা হয়েছে। মোনার পাড় পুঠিয়ার পাড় গ্রামের অটোভ্যান চালক সোহান বলেন, রাস্তার কাজ ধরবে বলে শুনেছিলাম। এই রাস্তায় ২/৪ মাসের মধ্যে কোন কাজ হয় নাই।
লেবার রুবেল, মোফাজ্জলসহ অনেকে জানান, তাদের মোবাইলে টাকা আসে নাই। চেয়ারম্যানের লোক ফারুক নগদ টাকা হাতে দিয়ে যায়। ইউনিয়নের জামতলী এলাকার হেলাল উদ্দিনসহ গ্রামের নারী-পুরুষরা সংবাদমাধ্যমকে জানান, বিভিন্ন সময় সংস্কারের নামে একাধিকবার প্রকল্পে অর্থবরাদ্ধ হলেও বর্তমান সময়ে রাস্তা সংস্কারের কোন কাজ হয়নি।
এ ছাড়াও উপকার ভোগী শ্রমিকদের মজুরী তাদের ব্যক্তিগত মোবাইল বিকাশ নাম্বারে দেয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। আবার অনেক শ্রমিক জানতেই পারেননা তারা কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ করছেন।
প্রকল্পের রাস্তায় উচু জায়গার মাটি কেটে নিচু জায়গায় দিয়ে, কোথাও রাস্তার ঘাস পরিস্কার করে, আবার কোন কোন প্রকল্পে ট্রাকে মাটি কেটে দায়সারা ভাবে শেষ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনা ম্যাম্বার বলেন, ২০২২-২৩ অর্থ বছরে ১ম পর্যায়ের প্রকল্পে ৪০ দিনের স্থলে ২৩ দিনের কাজ করা হয়। ১৭দিনের টাকা সরকার কাইটা নেয়। সামান্য কিছু কাজ হইছে। বাকী টাকা চেয়ারম্যানের কাছে গচ্ছিত আছে বলে তিনি জানান।
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ম্যাম্বার আমির হোসেন মনো বলেন, চেয়ারম্যানের সাথে কথা না বলে কোন কথা বলা যাবে না।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, বিষয়টি দেখে বলতে হবে।
ইউনিয়ন প্রকল্পের ট্যাগ অফিসার রুহুল আমিন বেগ বলেন, আমি এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলবো। প্রকল্পের সহকারী প্রকৌশলী আবু সাঈদ বলেন, বিষয়টি আমি চেয়ারম্যানকে জানাবো।
অভিযোগের বিষয়ে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল ইসলাম মানিক বলেন, প্রকল্পের বিষয়টি না জেনে আমি বলতে পারব না।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার