হোম » অন্যান্য বিভাগ » রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আওয়াজ অনলাইন: রাজা তৃতীয় চার্লসকে তাঁর ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) পৃথক বার্তায় অভিনন্দন জানান তাঁরা।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং মহামহিম রানি ক্যামিলার অভিষেক উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘আমি মহামান্য রাজার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার অপেক্ষায় আছি।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এবং তিনি (রাষ্ট্রপতি) বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন রাষ্ট্রপ্রধান।

পৃথক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি মহামান্য আপনার ও মহামহিম রানি ক্যামিলার ঐতিহাসিক গৌরবময় অভিষেকের উপলক্ষে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসকে তার আন্তরিক সমর্থনের কথা জানান।

শেখ হাসিনা বলেন, তিনি আত্মবিশ্বাসী, রাজা তৃতীয় চার্লসের দূরদর্শী ও বিচক্ষণ রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধিতে অব্যাহতভাবে সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করবে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে দুই কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের হবে। তিনি রাজা ও রানির সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!