
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তার (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বগুড়া-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মনি আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। শনিবার (৬ মে) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় নিউ লাইন হসপিটাল এর সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। বর্তমান হেরোইনের বাজার মূল্য ২৮ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল