
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার বিভিন্ন সড়ক দাঁপিয়ে বেড়াচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত যন্ত্রযান তিন চাকার অবৈধ ট্রলি। ইট, বালু, মাটি বহনকারী এসব ট্রলির দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। ট্রলি চালকদের বেশীরভাগই অদক্ষ। যাদের নেই কোনও বৈধ লাইসেন্স। যে কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আর এ যানের ধাক্কায় ঘটছে প্রাণহানী ও পঙ্গুত্ব। এছাড়া এগুলোর বিকট শব্দের কারণে ঘটছে শব্দ দূষণও। ট্রলির বেপরোয়া চলাচলে সবচেয়ে ঝুঁকিতে স্কুলগামী কোমলমতি ছোট ছোট শিশু ও এলাকার নারীরা।
সূত্রে জানাগেছে, চলতি মাসের ২ অক্টোবর মোটরসাইকেল যোগে চাঁদপুর কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম (৪৫) খুলনা শহরে যাচ্ছিলেন। তিনি ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ব্রীজ পার হয়ে আলাইপুর এলাকার তেমাথা নামক মোড়ে পৌছালে সড়কের পশ্চিম দিক থেকে আসা ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ তিনি নিহত হন। চলতি বছরের গত ২৫ এপ্রিল ওই ব্রীজের কাছে অবৈধ ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। ২০১৯ সালের ৩০ জানুয়ারি সকালে রূপসা উপজেলার শিয়ালি এলাকায় ট্রলির ধাক্কায় নছিমনের চালকসহ চারজন গুরুতর আহত হয়। একই বছর ২২ মার্চ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে বেপরোয়া ট্রলির চাকায় পিষ্ট হয়ে ওই গ্রামের আকবর আলী সরদারের মেয়ে ও আনন্দ নগর ইফতেদায়ী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী আখি মনি (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়।
খুলনার রূপসা উপজেলার বাসিন্দা তমাল শেখ অভিযোগ করে বলেন, এই ট্রলির কারণে অনেক মানুষের প্রাণ অকালে ঝরে গেছে। এটা বন্ধ হওয়াটা খুব জরুরি। একই উপজেলার বাসিন্দা জিয়া খান বলেন, ট্রলি মালিক পক্ষ অনেক প্রভাবশালী। যে কারণে ভয়ে কেউ প্রতিবাদ করে না। এই অবৈধ ট্রলি বন্ধ করা হোক।
রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ জোবায়ের বলেন, ট্রলির কারণে অনেক তরতাজা জীবন ঝরে গেছে। গত ২৫ অক্টোবর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দিনের বেলায় অবৈধ কোন প্রকার যান চলাচল করতে পারবেনা। তবে যারা অনেক অসহায় তারা রাত ১০ টার পর ট্রলি চালাতে পারবে।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম বলেন, অবৈধ যানবাহন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান