হোম » সারাদেশ » সিরাজগঞ্জে চুলায় গাছ পুড়িয়ে তৈরি হচ্ছে  কয়লা, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জে চুলায় গাছ পুড়িয়ে তৈরি হচ্ছে  কয়লা, দূষিত হচ্ছে পরিবেশ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ইট দিয়ে বিশেষভাবে তৈরী গোলাকার বিশাল চুলায় পোড়ানো হচ্ছে গাছপালার কাঠ। তৈরী হচ্ছে কাঠ কয়লা। যা বিক্রি হচ্ছে বানিজ্যিক ভাবে। এ কারনে কমে যাচ্ছে গাছপালা। আর ধোয়ার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ, গাছপালা ও আবাদি জমির ফসল। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুটি স্থানে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে এ ব্যবসা চললেও বিষয়টি সবারই অজানা বলে জানিয়েছেন এর সাথে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
সম্প্রতি সরেজমিন রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামে গিয়ে দেখা যায় আবাদি জমির মাঝখানে জায়গা ভাড়া নিয়ে তৈরী করা হয়েছে ১২টি চুলা। আর পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্চা গ্রামে গাছপালায় বেষ্টিত একটি স্থানে ভাড়া করা জায়গায় ৭টি চুলা তৈরী করা হয়েছে। একই মালিকানায় বিশেষ কায়দায় তৈরী বিশাল আকৃতির এসব চুলায় গাছপালা পুড়িয়ে তৈরী করা হচ্ছে কাঠ কয়লা।

ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামের চুলায় কর্মরত শ্রমিক আকবর আলী জানান, ইট ও মাটি দিয়ে তৈরী এসব চুলার ভিতরে ১৮০ থেকে ২০০ মণ খড়ি সাজিয়ে দিয়ে আগুণ দিতে হয়। এরপর চুলার চারপাশ বন্ধ করে ধুয়া বের হওয়ার জন্য চুলার উপরিভাগে কিছু ছিদ্র রাখা হয়। এ প্রক্রিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা বের হতে টানা ১২ দিন সময় লাগে। এরপর তৈরী হওয়া কয়লা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। টিন ফ্যাক্টরী, বার-বি-কিউ ও নান রুটির দোকান, কামার এবং স্বর্ণকারেরা এসব কয়লার ক্রেতা। ঘুড়কা এলাকায় ১ বছর এবং শ্যামনাই গ্রামে ১ মাস যাবত এ কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

পাঙ্গাসী ইউনিয়নের কয়াবিল গ্রামের প্রান্তিক কৃষক আবুল হোসেন বলেন, সরকার জনগনকে নির্দেশ দিয়েছে গাছ লাগানোর, আর এরা আশপাশের এলাকা থেকে গাছ কেটে এনে পুড়িয়ে কয়লা তৈরী করে বিক্রি করছে। যে ভাবে গাছ কাটা হচ্ছে, তাতে গাছপালা তো আর থাকবে না। এছাড়াও ধুয়ার কারনে আশপাশের ক্ষেতের ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে জনগন ও দেশের ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে রায়গঞ্জের বাসিন্দা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন, জলবায়ু পরিবর্তণের কারনে সারা পৃথিবী বর্তমানে আতংকগ্রস্থ। খড়িতে পোড়ানো এবং ধুয়া অবশ্যই পরিবেশ ও উৎপাদনের জন্য ক্ষতিকর। এই ধুয়ার ক্ষতি অল্প সময়ে বোঝা না গেলেও  এটি দীর্ঘমেয়াদি ক্ষতির বড় কারণ। দ্রæত সময়ের মধ্যে এসব চুলা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রæতি দেন তিনি।

এ বিষয়ে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, বিষয়টি তাদের জানা নেই, তবে দ্রæত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই জনপ্রতিনিধিরা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, এসব চুলা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি নেওয়া হয়নি। আপনার মাধ্যমে আমরা বিষয়টি জানলাম। দ্রæত ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে গাছ পোড়ানোর বিষয়টি দেখবে বনবিভাগ।

তবে রায়গঞ্জ সামাজিক বনায়ন, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান জানান, চুলায় কাঠ পুড়িয়ে বানিজ্যিক ভাবে কয়লা তৈরীর করলেও সেটা বন্ধে বন বিভাগের কোন আইন নাই। আমরা শুধু ভাটায় গাছ পোড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থায় নিতে পারি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা  মন্ডল বলেন, চুলা তৈরী ও বানিজ্যিকভাবে কয়লা তৈরীর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত সময়ের মধ্যে চুলা বন্ধে অভিযান চালানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ বিষয়ে চুলার মালিক সিরাজগঞ্জ শহরের ধানবান্দি মহল্লার পল্টু চৌধুরী ও রায়গঞ্জের শ্যামনাই এলাকার আব্দুল আলিম বলেন, আমরা যৌথ মালিকানায় দুটি স্থানে চুলায় খড়ি পুড়িয়ে কয়লা তৈরীর ব্যবসা করছি। বর্তমানে ভাটাগুলোতে খড়ির চাহিদা বেশি, তাই গাছ খড়ির সংকট চলছে। যে কারনে চুলায় কয়লা তৈরী কিছুদিন বন্ধ রাখার সিদ্বান্ত নিয়েছি। এ সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধও করেন তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!